মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুর্বৃত্তরা। পরে খামার থেকে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট, বৈদ্যুতিক তারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা। এ সময় খামারের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকার মেহেদী হাসানের পোল্ট্রি খামারে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামার ব্যবসায়ী মেহেদী হাসান জানান, বুধবার দিবাগত রাতের কোনো একসময় চোরের দল প্রথমে খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় খামারের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ছোট পরিসরে পোল্ট্রি খামারের ব্যবসা শুরু করেছিলেন। ধীরে ধীরে ব্যবসাটি বড় করার চেষ্টা করছিলেন। বর্তমানে খামারে মুরগি না থাকায় চোরের দল সেই সুযোগ কাজে লাগিয়েছে। এ ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি জানিয়ে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর দুই দিন আগেও একই এলাকার আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দোকানে চুরির ঘটনা ঘটে। পাশাপাশি কয়েক দিনের ব্যবধানে একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পোল্ট্রি খামারে চুরির বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
—








