বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কেউ গুলি করলে আমরা তাকে ছাড় দেব না। আমরা আত্মাহুতি দেবার জন্য প্রস্তুত। আন্দোলনে গুলি চালানো হলে আমাদের আন্দোলনও ভিন্ন প্রক্রিয়ায় হবে। তখন আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে ঢাকার সেগুারে ্আর ন র বাগিচায় রমনা ও শাহবাগ থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।
জ্বালানি তেল, নিত্যপণ্যের দাম, গণপরিবহনের ভাড়া বাড়ানো এবং পুলিশের গুলিতে ভোলা ও নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
এসময় মির্জা আব্বাস বলেন, ‘আগে আমরা পল্টনে কর্মসূচি করতাম, পরে আমাদের মুক্তাঙ্গনে যেতে বলা হলো। তারপর সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আমরা প্রেসক্লাবের সামনে রাজনৈতিক জনসভা করেছি, সেখানেও আজ কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা এখন অলিগলিতে মিছিল-মিটিং করবো।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপির মিছিল শুরু হয়েছে। এটা সরকার পতন না হওয়া পর্যন্ত শেষ হবে না। সরকার প্রচণ্ড ভয় পেয়েছে। সাপ কখন ছোবল দেয়? যখন ভয় পায়। এই আওয়ামী লীগের অবস্থাও সাপের মতো হয়েছে। তারা ভয় পেয়ে এখন কেবল আমাদের নেতাকর্মীদের ওপর ছোবল দিচ্ছে।’
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, নির্বাচনকালীন নতুন সরকার হবে, সেই সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। তারপর নিরপেক্ষ নির্বাচন হবে, সেরকম একটি নির্বাচনের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে। সম্মিলিতভাবে সেটা আমাদের আদায় করে নিতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফাত আলী সপু, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ।







