মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা মিরসরাই সদর
ইউনিয়নের মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অর্ধকোটি টাকার
সম্পদ উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর)
সকালে উপজেলার মিঠাছরা বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসকের
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্ল্যাহ আল মামুন ও উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে
অভিযান পরিচালনা করা হয়।
মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য সচিব ও
অধ্যক্ষ এমদাদ উল্ল্যাহ খাঁন জানান, স্থানীয় প্রভাবশালী লুৎফুল হক, নুরুল
আলম, ফখরুল ইসলাম, শামীম উদ্দিন চৌধুরী ও কামাল উদ্দিন দীর্ঘদিন
ধরে অবৈধভাবে মাদ্রাসার ২.৩০ শতক জায়গার উপর দালান নির্মাণ করে
দোকান করে আসছেন। একাধিকবার তাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য
বলার পরও তারা ছেড়ে দেয়নি। সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসকের
শরনাপন্ন হলে জেলা প্রশাসক মমিনুর রহমান গত ১১ আগস্ট অবৈধ
দখলদারের নাম উল্লেখ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ জারি
করেছেন। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে
জমির দখল বুঝে নিয়ে জেলা প্রশাসক বরাবরে নিশ্চিত করার জন্য
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। নোটিশ
দেওয়ার ৩ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় জেলা
প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্ল্যাহ আল মামুনকে
নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ
অভিযান পরিচালনা করে মাদ্রাসার জায়গা দখল মুক্ত করা হয়। মাদ্রাসার
সম্পত্তি দখল মুক্ত করার জন্য তিনি চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক
(এলএ) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাসুদ কামাল এবং সহ-
সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা
জানান।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ
(ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আরাফাত।







