এম আনোয়ার হোসেন, মিরসরাই
প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে তারা সংগঠিত হয়েছেন।
সাজিয়েছেন পাড়ার কয়েকটি দোকান ঘিরে গড়ে উঠা ছোট্ট বাজার।
সেখানে ঠাঁই পেয়েছে প্রিয় দলের ৬০ সমর্থকের ছবিসহ
বিশালাকৃতির ব্যানার। রয়েছে ব্রাজিল স্কোয়াডের খেলোয়াড়,
কোচসহ সারি সারি ৩১ টি পেস্টুন। ছোট্ট বাজারকে ঘিরে দুই পাশে
লাল সবুজের বাংলাদেশের পতাকা ও ব্রাজিলের পতাকার সমন্বয়ে গেইট
তৈরি করা হয়েছে। এছাড়া ব্রাজিল ও বাংলাদেশের অসংখ্য ছোট ছোট
পতাকাসহ উপরের অংশে সাজানো হয়েছে সবুজ ও হলুদের সংমিশ্রনে,
যা ব্রাজিলের পতাকার প্রতিরুপ। বলছি মিরসরাই উপজেলার ২ নং
হিঙ্গুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম আজমনগর সিএনজি স্টেশন
এলাকার কথা। আর এসব আয়োজনের নেপথ্যের কারিগর ব্রাজিল সমর্থক
মিরসরাই সমিতি কুয়েতের সভাপতি কামাল হোসেন। কামাল হোসেন
প্রবাসে থাকার সুবাদে ব্রাজিলের রোনালদিনহো, পেলে, গিলভারটো
সিলভাসহ অসংখ্য খেলোয়াড়েদের সাক্ষাতের সুযোগ পান।
ব্রাজিলপ্রেমী কামাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এই
আয়োজনে আরো সহযোগিতা করেন প্রবাসী ওমর ফারুক, ইকবাল
হোসেন, নুর হোসেন, হারুনুর রশিদ, কামরুল হাসান পলাশ, বিপু,
জহির, রানা ভূঁইয়া, আজিম উদ্দিন, সুজন খান, মিজান, শাহীন আলম,
মেহেদী, সাকিবসহ মধ্যম আজমনগরের একঝাঁক ব্রাজিল সমর্থক।
ব্রাজিল সমর্থক আজিম উদ্দিন জানান, আমাদের প্রত্যাশা ৬ষ্ঠ বারের
মতো বিশ্বকাপ জিতবে ব্রাজিল। ইতিপূর্বে সার্বিয়া ও
সুইজারল্যান্ডের সাথে ভালো খেলা উপহার দিয়ে সমর্থকদের মনে জায়গা
করে নিয়েছে ব্রাজিল। তিনি আরো জানান, ব্রাজিলের বিশ্বকাপ
স্কোয়াডের গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, কোচ তিতের ছবিসহ
পৃথক পৃথকভাবে সড়কের পাশে পেস্টুন লাগানো হয়েছে। এখানকার ৬০ জন
ব্রাজিল সমর্থকদের আপ্রাণ চেষ্টায় আমরা এই ছোট্ট বাজারকে
ফুটিয়ে তুলেছি নানা আয়োজনে।
এসব আয়োজনের নেপথ্যের কারিগর ব্রাজিল সমর্থক মিরসরাই সমিতি
কুয়েতের সভাপতি কামাল হোসেন জানান, ব্রাজিলের খেলার দিন এখানে
বিরিয়ানীর আয়োজন করা হয়। এছাড়া বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থায়
সবাই উৎফুল্ল থাকে। ওই ছোট্ট বাজারের সড়ক ঘিরে বাংলাদেশের ২০ টি
ও ব্রাজিলের ১৫ টি ছোট পতাকাও লাগানো হয়েছে। প্রতিদিনই মধ্যম
আজমনগর, উত্তর আজমনগর ও পশ্চিম হিঙ্গুলীর শতাধিক ব্রাজিল
সমর্থকদের মিলনমেলা হয়ে উঠে এই বাজার।








