নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতি না পেয়ে বিএনপি এখন সমাবেশের জন্য নতুন ভেন্যু খুঁজছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে পুলিশের আশা, শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপি তাদের গণসমাবেশ করবে।
রোববার (৪ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ কথা জানান।
এর আগে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে সমাবেশের জন্য বিকল্প ভেন্যুর প্রস্তাব পেলে তা বিবেচনা করা হবে।
তিনি বলেছেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব গতকাল (শনিবার) বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে সমাবেশের জন্য বিকল্প ভেন্যুর প্রস্তাব পেলে তা বিবেচনা করা হবে। আমরা পরিষ্কারভাবে বলছি, আমাদের বিভাগীয় সমাবেশ হবে শান্তিপূর্ণ। আমরা আমাদের পরবর্তী দাবি জানাবো। ভবিষ্যৎ কর্মসূচির কথা বলবো।
ফখরুল আরও বলেন, ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে সরকারের নানামুখী দমননীতি এখন সর্বসাধারণের কাছে পরিষ্কার হয়ে গেছে। গতকাল (শনিবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে সেই বালির ট্রাকের কায়দায় চেকপোস্ট-ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। এটি দেশনেত্রীর ওপর নিপীড়নের আরেকটি নতুন মাত্রা। আমি সরকারের এই ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে ডিসি ফারুক হোসেন বলেন, বিএনপি এখন নতুন ভেন্যু খুঁজছে। নতুন ভেন্যুর জন্য তারা প্রস্তাবও দিয়েছে। তবে তারা এখনো নয়াপল্টনে গণসমাবেশের অনুমতি চায়।
তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে নতুন ভেন্যুর প্রস্তাব দেয়নি। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছি। তারাই নতুন ভেন্যুর কথা বলছে। তবে আমরা আশা করি, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানেই তাদের সমাবেশটি করবে।
ফারুক হোসেন আরও বলেন, আজ বিকেলে ছয় সদস্যের বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিনিধি দলটি সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার বিষয়ে আলোচনা করেন। এ পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিনিধি দলকে ডিএমপি জানায়, ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে। এর পাশাপাশি দলটি যদি অন্য কোনো স্থানের সন্ধান পায়, আর এ বিষয়ে প্রস্তাব দিলে বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে ডিএমপি বিবেচনা করবে সোহরাওয়ার্দী থেকে আরও নিরাপদ কোনো ভেন্যু আছে কি না।
তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। কারণ, আমাদের দৃষ্টিকোণ থেকে উদ্যানটি নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। আমরা বিএনপিকে অনুরোধ করেছি, ১০ ডিসেম্বরের সমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে করার জন্য। ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা সহযোগিতা করার দরকার সব পদক্ষেপ আমরা নেবো।







