জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত এমপি। একইসঙ্গে জাতীয় পার্টির এমপিদেরও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি।
আহমেদ আজম খান বলেন, বিএনপির সাতজন এমপি সংসদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টি এমপিদের বলবো, আগামীকালের মধ্যে আপনারাও পদত্যাগ করে জনতার কাতারে চলে আসুন। জনগণ আর এক মুহূর্তও এই সরকারকে চায় না।
এর আগে সরকার হটাতে ও চলমান আন্দোলনকে বেগবান করতে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত এমপি।
একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমিন ফারহানা।







