দীর্ঘ ৪৫ বছর বন্ধ থাকার পরে আজ ঢাকায় চালু হতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
দূতাবাসের উদ্ধোধন উপলক্ষে সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সান্তিয়াগো ক্যাফিয়েরোর। বিকাল ৪টায় দূতাবাসের উদ্বোধন করবেন তিনি। এরপর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ক্যাফিয়েরো।
স্বাধীনতার পরপর ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে তা বন্ধ করে দেয়া হয়।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে গত বছরই ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয় আর্জেন্টিনা।
সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও সাক্ষাৎ করবেন।







