রাজধানীর পুরান ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার পরদিন বুধবার সকাল থেকেই কয়েক ব্যক্তি তাদের স্বজনের খোঁজে এসেছেন।
এর আগে মঙ্গলবার (০৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজে সাময়িক বিরতি টানে। বুধবার সকালে আবার দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজ পরিচালনা করছে সেনাবাহিনী।
সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও সেনাবাহিনীর বোম্ব ডিসপোসাল ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।
গতকাল মঙ্গলবার বিকালে ওই ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন। তারা হলেন- মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ আহমেদ ভূইয়া সেলিম, মো রবিন হোসেন ও কালাচাঁন মিয়া।






