টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (১১ মার্চ) ভোরে উপজেলার সহবতপুর বাজারে এ ঘটনা ঘটে।
সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেন, শনিবার গভীর রাতে সহবতপুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাজারের প্রায় ২২টি দোকানঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা বলেন, এ অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নাগরপুর থানার কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ২২টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, সহবতপুর বাজারে আগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি। যে সব ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে আমার পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।






