প্রায় চার বছর পর টেস্টে ফেরা আয়ারল্যান্ড প্রথম সেশনেই হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। ২৬ ওভার ব্যাটিং করে ৬৫ রান তুলেছে তারা।
শরীফুল ইসলাম, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম ভাগ করে নিয়েছেন ৩ উইকেট। হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার অবিচ্ছিন্ন থেকে গেছেন মধ্যাহ্নভোজের বিরতিতে।
তিন পেসার নিয়ে নামা বাংলাদেশ ফিল্ড-সেটিংয়ে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেনের বোলিংয়ে চার স্লিপের সঙ্গে ছিল গালি। তৃতীয় ওভারে জেমস ম্যাককলামের আউটসাইড-এজ করাতে পেরেছিলেন শরীফুল, যদিও সেটি পড়ে স্লিপের বেশ সামনেই।
২৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ছিলেন হ্যারি টেক্টর ও অ্যান্ড্রু বলবার্নি। স্পিনারদের ওপর চড়াও-ও হন টেক্টর-তাইজুলকে চারের পর মিরাজকে ডাউন দ্য উইকেটে এসে ইনিংসের প্রথম ছক্কাও মারেন।
সে জুটি প্রায় ১২ ওভার টেকে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে রাখা বলবার্নি ফেরেন তাইজুলকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়ে। রিভিউ নিলেও বাঁচতে পারেননি।
টেক্টরের সঙ্গে অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছেন কার্টিস ক্যাম্ফার-আয়ারল্যান্ডের এ প্রজন্মের দুই তারকা। বিরতির আগদিয়ে খালেদকে দুই চার মারেন ক্যাম্ফার, এর মধ্যে একটি ছিল দারুণ এক কাভার ড্রাইভে।
বিরতির ঠিক আগের ওভারে তাইজুলকে কাট করে চার মারেন টেক্টরও। তিনি অপরাজিত ১৮ রানে, ক্যাম্ফার ব্যাটিং করছেন ৯ রানে।








