সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ‘খেলা’ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির অন্যতম রাজনৈতিক দল মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
পিটিআই থেকে গণহারে সিনিয়র নেতাদের পদত্যাগ ও ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঘোষণার প্রেক্ষিতে শুক্রবার (২৬ মে) ভেহারি জেলায় দলের যুব সম্মেলনে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় ইমরানকে উদ্দেশ্য করে নওয়াজকন্যা বলেন, ‘আপনার সময় শেষ হয়ে গেছে। আগামী নির্বাচনে কেউ আর পিটিআই থেকে টিকিট নেয়ার চেষ্টা করবে না। জাতি ইমরান খানকে এবং যারা ইমরান খানকে সুযোগ দিয়েছিলেন তাদের কাউকেই ক্ষমা করবে না।
মরিয়ম অভিযোগ করে বলেন, ৯ মের হামলা স্বতঃস্ফূর্ত ছিল না। পরিকল্পনাটি জামান পার্কে করা হয়েছিল। কিন্তু দেশের শত্রুরা কখনো এ ধরনের পরিকল্পনা করে সফল হয়নি।
ইমরান খান সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছেন, এর জন্য তার লজ্জিত হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, ইমরান খান ও তার সুবিধাবাদীরা ২০১৮ সাল থেকে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করছেন। সেই উদ্দেশ্যেই ৯ মে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। তার বাবা নওয়াজ শরিফ সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান মরিয়ম।






