তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার কৃষি ভান্ডার মরগা বিলের মধ্যবর্তী স্থানে নীতিমালা লঙ্ঘন ও তিনফসলি কৃষি জমি ধ্বংস করে পুকুর খননের অভিযোগ উঠেছে। উপজেলার হলিদাগাছি গ্রামের মৃত ইসরাইল সোনারের পুত্র বাবলু হোসেন এবং তার চাচাতো ভাই আক্কাস আলী।এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ মে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রিযাংকা দাস। তবে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি বুঝতে পেরে প্রায় দ্বিগম্বর হয়ে ফসলি জমির মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যায় বাবলু হোসেন। এসময় পুলিশ পুকুর কাটা যন্ত্রের চালকসহ দুইজনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুর খননকারির ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের পর আটককৃতরা মুক্তি পাই।
স্থানীয়রা জানান, গত ২৬মে শুক্রবার সন্ধ্যা থেকে কেশরহাট-ভবানীগঞ্জ সড়কে ২০ থেকে ২৫ জনের দেশীয় অস্ত্র সজ্জিত লাঠিয়াল বাহিনীর পাহারা বসিয়ে ফের অবৈধ পুকুর খননের কাজ শুরু করেছে। এদিকে রাতের আঁধারে ব্যস্ত সড়কে লাঠিয়াল বাহিনীর তৎপরতায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি গভীর রাতে সড়কের উপর লাঠিয়াল বাহিনীর উৎপাতে ভয়ে উল্টোপথে ফিরতে থাকে মোটরসাইকেলসহ সবধরণের যান চালকরা। এখবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি মোহনপুর থানা পুলিশকে অবহিত করেন। ওদিকে খবর পেয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান দেন। তবে পুলিশ যাওয়ার বিষয়টি টের পেয়ে ভেকু মেশিন বন্ধ করে লাঠিয়াল বাহীনিসহ বাবলু হোসেন প্রায় দ্বিগম্বর হয়ে বিলের মধ্যদিয়ে গোপইল গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর বাবলু বাহিনীকে ধরতে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে পুলিশ।এবিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, মরগা বিলে পুকুর খনন করছিল কেশরহাট পৌর এলাকার হলিদাগাছি গ্রামের বাবলু হোসেন। সে সড়কে লাঠিয়াল প্রহরাই রেখে পুকুর কাটছিল এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতির টের পেয়ে পুকুর খননকারি বাবলুসহ সবাই পালিয়ে যায়। জনমনে ভীতি সৃষ্টির জন্য তাদের আটক করতে এ অভিযান চালানো হয়েছে। এধরণের কর্মকাণ্ডে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#








