সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি যুবক মারা গেছেন। নিহতদের সবার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তাদের মৃত্যুর সংবাদে পরিবারে বইছে শোকের মাতম।
সোমবার (২৯ মে) আবুধাবির স্থানীয় সময় রাত ৩টার দিকে দেশটির শারজাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফার্নিচার দোকান ব্যবসায়ীর বড়ভাই ডাক্তার মো. রসুল মঙ্গলবার রাত ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন, উপজেলার পলতি গ্রামের মৃত আব্দুল কাদের-মহব্বতের নেছা দম্পতির ছেলে ফার্নিচার দোকান ব্যবসায়ী মো. ইউছুফ (৪৩), উপজেলার মতৈন গ্রামের মৃত আব্দুল ওয়াহাব-শরীফা বেগম দম্পতির ছেলে দোকান কর্মচারী মো. রাসেল (৩২) এবং উপজেলার পলতি গ্রামের মীর আহাম্মদ-পেয়ারা বেগম দম্পতির ছেলে।
নিহত ব্যবসায়ী মো.ইউছুফের বড় ভাই মো. রসুল বলেন, তার ছোট ভাই দীর্ঘ ২৫ বছর ধরে আবুধাবিতে প্রবাস জীবন যাপন করে আসছিলেন। গত দুই বছর আগে তিনি আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে সারজা এলাকায় একটি ফার্নিচার ব্যবসা শুরু করেন। গত পাঁচ বছর আগে তিনি সর্বশেষ বাড়ি এসেছিলেন। তার সংসারে স্ত্রী নুরনাহার বেগম, মাদরাসা শিক্ষার্থী বড় ছেল মাইনুল ইসলাম মিলন (২০) ও ৫ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান সিফাত রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকান বন্ধ করে ভিতরে দোকান কর্মচারী ইউছুফ, ও রাসেল এবং বেড়াতে আসা মো. তারেক হোসেন ঘুমিয়ে পড়েন। আবুধাবীর স্থানীয় সময় রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হলে দোকানের ভিতরে ঘুমের মধ্যেই তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মঙ্গলবার সকালে আবুধাবিতে বসবাসরত ইউছুফের আত্মীয় আবুল বাশার ও আনোয়ার হোসেন মোবাইল ফোনে কল করে তাদের মৃত্যুর খবর দেন। মৃত্যুর সংবাদ শুনে তিন পরিবারে কান্নার রোল পড়ে যায়।
ওসি মো. ইক্ববাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত প্রবাসীদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে পুলিশ।







