মেহেরপুর: গাংনীতে ব্যাংক জালিয়াতির মামলায় উপজেলা পরিষদের অফিস সহকারীসহ ৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
জানা গেছে, রুপালী ব্যাংক, গাংনী বাজার শাখায় ভূয়া কাগজপত্র শো করে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ৪০ লাখ টাকা ঋণ নেয় গাংনী উপজেলা পরিষদের সচিব সঞ্চিতার স্বামী রফিকুল ইসলাম।
পরবর্তীতে জালিয়াতি প্রমাণিত হওয়ায় রুপালী ব্যাংক লিমিটেড শাখার ম্যানেজার (এসপিও) আমিরুল ইসলাম গত ৭/০২/২৩ ইং তারিখে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার মামলা নং সি ,আর-৭৮/২০২৩ (গাংনী)।
মামলার আরজি অনুযায়ী উক্ত মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা সংস্থা পিবিআই এর উপর। মামলায় আসামীদের বিরুদ্ধে ধারা ৪০৬/৪২০/৪৬২(খ) ৪৬৩/৪৬৪/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/১০৯/৫০৬(খ) পিসি।
অধিকতর তদন্ত শেষে অপরাধ বিবেচনায় তাদের বিরুদ্ধে ৪০৬/৪২০/১০৯ ধারা আমলে নিয়ে গত ২২-১০-২৩ ইং তারিখে বিজ্ঞ আদালত ১ নং আসামি গাংনী পৌর এলাকার ৪ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের মো. সামসের মোল্লার ছেলে রফিকুল ইসলাম(৪৩), ২ নং আসামি তার স্ত্রী একই গ্রামের মো. মজিরুল ইসলামের মেয়ে সঞ্চিতা ইসলাম (৩৪) এবং ৩ নং আসামী চেংগাড়া গ্রামের সলিমউদ্দীনের ছেলে মো তোফাজ্জেল হোসেন (৫৪) এর নামে গ্রেফতারি পরোয়ানা
জারি করেন।
ইতোমধ্যে গাংনী থানা অফিসার ইনচার্জ বরাবর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষর সংবলিত নোটিশ প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অন্য ৩ জন আসামিদের নামে সমন জারি করা
হয়েছে।এর আগেও তাদের বিরুদ্ধে অন্য একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
উল্লেখ্য, ব্যাংক জালিয়াতির হোতা তার অপরাধ আড়াল করতে উল্টো গাংনী পৌরসভার মেয়র সহ ৭ জনকে আসামি করে মেহেরপুর আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ১নং আসামি জিয়ারুল হক এবং ৪ নং আসামি কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার সামসুল আলম জামিন লাভ করেছেন।






