রংপুর বিভাগীয় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করা হয়েছে। ২ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুর জেলা প্রশাসকের হল রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিকাল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। দল থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেছিলেন। রংপুর-১ (গঙ্গাছড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১২ জন মনোনয়ন ফরম জমা করেন। শনিবার যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়ন বাতিল এবং রওশন এরশাদপন্থী মসিউর রহমান রাঙ্গাসহ ৪ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। সাতজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, তৃণমূল বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মনজুম আলী ও শাহিন আলম (স্বতন্ত্র-জাতীয় পার্টি)। দুদকের মামলার নি®পত্তির কপি না দেওয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ প্রামাণিক ও ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদ মনোনয়ন স্থগিত করা হয়েছে।







