লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য (নৌকার) প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন তার নির্বাচনী জনসভায় স্বতন্ত্র (ঈগল) প্রতীক প্রার্থী সেলিনা ইসলাম ও তার কারাবন্দি স্বামী কাজী শহিদুল ইসলাম পাপুলের কড়া সমালোচনা করেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের নন্দনপুর ঈদগাঁ মাঠে নৌকার নির্বাচনী জনসভায় এ সমালোচনা করতে দেখা যায় নয়নকে।নৌকার প্রার্থী নয়ন বলেন, আমি দুই বছরে যতবার আপনাদের কাছে ছুটে এসেছি। সেলিনা ইসলাম ৫ বছর এমপি থেকেও আপনাদের কাছে এতবার আসেননি। পাপুল সাহেব নির্বাচনের আগে বলছেন আপনাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবেন। আড়াই বছর ক্ষমতা থাকাকালীনও একদিনের জন্য আপনাদের দেখতে আসেননি পাপুল। আমি আপনাদের এলাকায় বহু উন্নয়ন করছি। আর (স্বতন্ত্র) প্রার্থী সেলিনা ইসলাম আপনাদের খবর নেননি।
তিনি এখন এসেছেন আবার এখান থেকে নির্বাচন করবেন। তার স্বামী পাপুল মানব পাচার দায়ে কুয়েত কারাগারে বন্দী আছেন। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন এ সংবাদটা। আমরা আগে জানতাম কুয়েতে পাপুল ব্যবসা করেন। আর এখন আমরা জানি তিনি মানব প্রচার করেন। সেখানে তার সাজা হয়েছে। আমাদের এ আসনকে কলঙ্কিত করছেন। এখন আবার তার স্ত্রী নির্বাচন করবেন কলঙ্কিত করার জন্য।
এ ৫ বছর তিনি কই ছিলেন? তার বরাদ্দ একটি টাকার উন্নয়ন, এখানে করেননি। আমাদের চেয়ারম্যান-মেম্বারকে কোনো বরাদ্দ দেননি। তিনি সেই টাকা চুরি করে কুমিল্লা নিয়ে গেছেন। বক্তব্য দেওয়া কালে (নৌকার) প্রার্থী নয়ন টেলিভিশনে প্রচার হওয়া পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন সংক্রান্ত একটি সংবাদের ভিডিও ক্লিপ দেখান উপস্থিত জনগণকে।
জনসভায় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগের নেতা তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আরিফসহ প্রমুখ।







