লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী গোলাম ফারুক পিংকুর নৌকা প্রতীকের প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৭ টার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের বক্সআলী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন নৌকার প্রার্থীর প্রচারণার গাড়ি ভাঙচুর বিষয়টি সঠিক। তবে এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।এর আগে রাত সাড়ে ১০ টার দিকে নৌকার প্রার্থী পিংকু পৌর শহীদ স্মৃতি স্কুল মাঠে সাংবাদিকদের তার নির্বাচনীর গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন। এবং তিনি নিশ্চিত করে বলছেন হামলাকারীরা জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। যদিও জামায়াত শিবিরের কোনো কর্মীর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলা সম্ভব হয়নি এই প্রতিবেদকের।
প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশা চালক মাহবুব বলেন, প্রচারণা চালানোর সময় আমাদের গাড়ির সামনে বাঁশ ও ইট দিয়ে ব্যারিকেট দিয়ে রাখা হয়। ব্যারিকেট সরিয়ে সামনে এগিয়ে যাবার সময় পেছন থেকে অজ্ঞাত লোকেরা ইটপাটকেল ছুঁড়ে। এতে গাড়ির পেছনের এবং পাশের দুটি গ্লাস ভেঙে যায়। পরে তারা পালিয়ে যায়।
লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও নৌকা প্রতীকের লাহারকান্দি ইউনিয়নের নির্বাচন কমিটির সমন্বয়ক রবিন খন্দকার বলেন, নৌকা প্রতীকের প্রচারণার সময় আমাদের গাড়ি ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় দুই ছেলে ঘটনাটি ঘটিয়েছে। তারা দুইজন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী। বিষয়টি দলীয় নেতাকর্মী ও থানা পুলিশকে অবহিত করেছি।
ওসি আরও জানান, বিষয়টি আমাদের তদন্তধীন রয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বয়স ১৪-২৫ হবে।







