লক্ষ্মীপুর-৩ (সদর) সদর আসনের সংসদ সদস্য (ট্রাক) মার্কা প্রতীকের প্রার্থী এম.এ সাত্তার বলছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এ নির্বাচনে কোনো প্রকার সিস্টেম হবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন থেকে আমাদের বারবার বলা হয়েছে। এ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। আপনারা ৭ জানুয়ারি ভোট কেন্দ্র গিয়ে আপনাদের ভোটার অধিকার প্রয়োগ পারবেন। আমার (ট্রাক) মার্কা প্রতীকে একটি করে ভোট দেওয়ার জন্য অনুরোধ রইল।বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে পশ্চিম জামির তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

এম.এ সাত্তার আরও বলেন, যেসব মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, সেইসব মানুষ আমার খুব আপন। আমি দেখছি তারা অনেক পরিশ্রম করে। সেই টাকা দিয়ে খুব কষ্ট করে সংসার পরিচালনা করে। এসব মানুষ সমাজের সবচেয়ে ভালো মানুষ। এখানে অনেকেই আছেন, আমাদের মতো তথাকথিত মানুষ। আমরা ভালো থাকি না। আপনারাই সত্যিকারের ভালো মানুষ। সকালে ঘুম থেকে উঠে একটি রুটি আর কাপ-চা খেয়ে কাজে চলে যান। আবার সন্ধ্যার পর ভালো করে এক কাপ-চা খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। এ জন্য আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে।
এ সময় উপস্থিত ছিলেন- মান্দারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা লোকমান মাস্টার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব, দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ মাসুম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ প্রমুখ।







