লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকে ভোটারদের মাঝে টাকা ও খাবার বিতরণের অভিযোগ করেছেন ১৪ দলীয় জোট নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকিধামকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামগতি উপজেলা পরিষদ সংলগ্ন দুধা বাড়িতে তার নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন।
তিনি বলেন, আমি নৌকার প্রার্থী। এজন্য সাধারণ মানুষ নৌকার পক্ষে আছে, শেখ হাসিনার পক্ষে আছে। এখানে নৌকার অনেকেই বিভক্ত আছে। তবুও বড় একটি অংশ নৌকার পক্ষে কাজ করছে। নৌকার বিজয় সুনিশ্চিত। এসময় তিনি স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে টাকা ও খাবার বিতরণের অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র (ঈগল) প্রার্থী আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার মোবাইলে কল করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, এমন অভিযোগ আমাদের জানা নেই। কোনো নির্বাচনী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করতে পারবে না। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।







