লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগ) আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) ঈগল প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আর মাত্র কয়েকদিন পরেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে শুধু আমাদের ভাগ্য নির্ধারণ হবে না। এ নির্বাচনের ওপর নির্ধারণ হবে বাংলাদেশের ভাগ্য।
তিনি বলেছেন, এ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। তিনি আজ বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে চান। যারা এদেশে গণতন্ত্র নাই বলে। যারা এদেশে গণতন্ত্র নামে মানুষের অধিকার নাই বলে। তাদেরকে প্রমাণ করে দিতে চান শেখ হাসিনার নেতৃত্বে এদেশে সুস্থ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রামগতির কারামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মো. আব্দুল্লাহ আল-মামুন।
এমপি প্রার্থী আব্দুল্লাহ আরও বলেন, এ নির্বাচন শেখ হাসিনার জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। আমি (আব্দুল্লাহ) জননেত্রী শেখ হাসিনার দেওয়া অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করছি।

একদিকে শেখ হাসিনা নৌকার প্রার্থী দিয়েছেন। অন্যদিকে এ নির্বাচনকে উৎসবমুখর রাখতে আমরা যারা নৌকা চেয়ে মনোনীত হয়নি তাদের স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য বলছেন।সারা দেশ থেকে ৩ হাজার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছে। মাত্র দিয়েছে ৩০০ জনকে। তাহলে বাকিরা কি করবে। এজন্য তাদেরকে দল থেকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য সুযোগ করে দিয়েছে।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালসহ বিপুল সংখ্যক (ঈগল) সমর্থক।
জনসভার আগে এমপি প্রার্থী আব্দুল্লাহর উপস্থিতিতে কারামতিয়া বাজার এলাকায় কয়েক’শ (ঈগল) সমর্থকদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে গণসংযোগ মিছিল করার হয়। এক পর্যায়ে জনস্রোত পরিণত হয় মিছিলটি।







