রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ১৩২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডির পরিষ্কার আকাশে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। ঘাসের উইকেটও কিছুটা ধূসর হতে শুরু করেছে।
বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনটা যে ব্যাটসম্যানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেটা আগেই মনে হচ্ছিল।
পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ দলের সামনে ছিল বড় রান যোগ করার সুবর্ণ সুযোগ।
সাদমান ইসলাম, মুমিনুল হকের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটির সৌজন্যে বাংলাদেশ তা করেছেও। ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১৩২ রান পিছিয়ে নাজমুল হোসেনের দল।
ওয়ানডে মেজাজেই খেলছিলেন লিটন দাস। নাসিম শাহ নিজের ১৯তম ওভার শুরুর আগে ৪৭ বলে ৩২ রানে ব্যাটিং করছিলেন লিটন। নাসিমের করা এই ওভারেই নিজের ইনিংসের গিয়ার বদলে ফেলেন লিটন। ৩ চার ও ১ ছক্কায় তোলেন ১৮ রান, সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটিও।
দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে এরই মধ্যে তুলে নিয়েছেন ফিফটিও। টেস্টে ক্যারিয়ারে ২৮তম ফিফটি করার পথে নতুন মাইলফলকটি ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল।








