মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে শখের বশে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো গাড়ি চালক নুরুল হুদা (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নাম্বার গেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা মিরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার রশিদ মাস্টার বাড়ীর মোর্শেদ আহম্মদের পুত্র। তার নিজস্ব দুইটি মিনি ট্রাক রয়েছে সেগুলো চালিয়ে সে জীবিকা নির্বাহ করতো।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নুরুল হুদা আরও ৫ জনসহ মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নাম্বার গেইট এলাকায় মাছ ধরতে যায়। এসময় খালে মাছ ধরার সময় সময় পানির স্রোতের মধ্যে সে ডুবে যায়। প্রায় ২ ঘন্টার পর সন্ধ্যায় স্থানীয় জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বড়তাকিয়া লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে নুরুল হুদা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে ফেলেন।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সহকারী স্টেশন অফিসার আহম্মদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা তার মরদেহ রেসকিউ করে নিয়ে চলে আসে।
মিরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির আহম্মদ ছুট্টু বলেন, বৃহস্পতিবার রাত ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ছোট ছোট দুটি ছেলে এতিম হয়ে গেছে।








