মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা :
কুমিল্লার বুড়িচং উপজেলার গৃহিণী তাহমিনা আক্তার। দুই মাস আগেও তার রান্নাঘরে ব্যবহত হতো এলপিজি গ্যাসের চুলা। কিন্তু সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে এখন বাধ্য হয়ে বাসার বারান্দার তৈরি করেছেন মাটির চুলা। প্রতিদিন সকালে সেই চুলার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে তাকে। ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। শুধু তাহমিনা নন, এলপিজি গ্যাসের লাগামহীন দাম উপজেলার অসংখ্য মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার এখন ফিরে যাচ্ছে পুরোনো দিনের রান্নার পদ্ধতিতে। জানা যায়, গত আগস্ট মাসে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৩৫০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৬৮০ থেকে ২ হাজার ৫০ টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে খুচরা বাজারে ২০০থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। গত তিন মাসে তিন দফায় সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে প্রায় ২৫৮ টাকা। ফলে সংসারের বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত।
অনেক পরিবার আবারও লাকড়ির চুলার দিকে ঝুঁকছে।
কংশনগর গ্রামের বাসিন্দা মান্নান বলেন, আগে একটি গ্যাস সিলিন্ডারে প্রায় ৪০ দিন চলত।এখন ২৫ দিনও চলে না।২ হাজার ৫০ দিয়ে গ্যাস কেনায় চেয়ে ৮০০টাকার লাকড়ি কিনে মাস পার করা তার জন্য সাশ্রয়ী হচ্ছে।তবে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ির ব্যবহার বাড়লেও সেখানেও স্বস্তি নেই। বাজারে প্রতি মণ লাকড়ি বিক্রি ৫০০থেকে ৬০০ টাকায়। এক বস্তা ভূসির দাম ৩০০ টাকা। এরপরও তুলনামূলক কম খরচের কারণে অনেক পরিবার বাধ্য হয়ে এসব জ্বালানির ওপর নির্ভর করছে।এদিকে রান্নার কাজে লাকড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।
চিকিৎসকদের মতে,কাঠ ও অন্যান্য কঠিন জ্বালানি
পোড়ানোর ফলে সুষ্ট ধোঁয়া নারী ও শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। র্দীর্ঘদিন ও ধোঁয়ার সংস্পর্শে থাকলে শ্বাসকষ্ট,হাঁপানি, চোখের সমস্যা ও ফুসফুসের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে।
সব মিলিয়ে এলপিজি সিলিন্ডারের গ্যাস মূল্যবৃদ্ধি সংকটে পড়েছেন সাধারণ মানুষ।ভোক্তাদের অভিযোগ,আন্তর্জাতিক বাজারের অজুহাতে স্থানীয় বাজারে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে।কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে।






