এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে রোববার (৩০ এপ্রিল)। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। দেশের সব কেন্দ্রে এর মধ্যেই পৌঁছে গেছে পরীক্ষার সরঞ্জাম। আর শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে ধরা পড়লেই কঠোর শাস্তি দেওয়া হবে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী সংসদ নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। এ নির্বাচনে আর অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব।
অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী প্রমুখ।







