কাবা শরিফ এবং মসজিদে নববির সম্পর্কিত সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস জানিয়েছেন, ইসলাম ধর্মাবলম্বীদের এই দুই শীর্ষ পবিত্রস্থানে প্রশাসনের নেতৃস্থানীয় পদে চলতি বছর ৩২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
প্রতিবছর সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হজ ও ওমরাহযাত্রীদের সেবাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে- উল্লেখ করে বিবৃতিতে আল সুদাইস আরও বলছেন, চলতি সালের হজ মৌসুম শুরু হওয়ার আগেই সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া।
দুই মসজিদের প্রশাসনিক কাঠামোতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয়েছে ২০২১ সালে। ওই বছর ২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। চলতি বছর ৩২ জনকে নিয়োগ দেওয়া হলে এই সংখ্যা উন্নীত হবে ৩৪ জনে।






