চট্টগ্রামের মিরসরাই উপজেলার খালপাড় থেকে কুড়িয়ে পাওয়া নবজাতককে বাঁচানো গেল না। উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে ১৮ দিন পূর্বে কুড়িয়ে পাওয়া ওই নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
জানা গেছে, নবজাতককে (ছেলে) গত ৩১ মে ভোরে কে বা কারা উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের খালপাড়ে রেখে চলে যায়। পরে স্থানীয় সমাজকর্মী ওসমান গনি নবজাতককে উদ্ধার করে নিঃসন্তান একটি পরিবারের কাছে লালনপালনের জন্য দেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা নবজাতককে নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। ওইসময় নবজাতককের নানা শারিরিক জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নির্দেশনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সমাজকর্মী ওসমান গনি জানান, ‘নবজাতককে খালপাড়ে রেখে চলে যাওয়ার পর এক কৃষক উদ্ধার করে আমাদেরকে জানায়। আমরা নবজাতককে একটি পরিবারের জিম্মায় রাখি। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তারা নবজাতককে নিয়ে যায়। পরে জেলা প্রশাসনের অধীনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতক মারা যায়।’
মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা বলেন, ‘নবজাতকটিকে চিকিৎসা দিয়েও বাঁচানো গেল না। বাচ্চাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর নবজাতকটি মারা যায়। নবজাতককের বয়স ও ওজন কম হওয়ায় শারিরিক নানা জটিলতা ছিল।’







