মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ভয়াবহ বন্যায় বিচ্ছিন্ন চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত জনপদে এমন অনেক পরিবার ছিল, যারা এখনো কোনো ত্রাণের মুখ দেখেনি। সেইসব মানুষের দুয়ারে খাদ্য উপহার পৌঁছে দিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন মিরসরাইয়ের একদল তরুণ স্বেচ্ছাসেবক। রবিবার (১২ জুলাই) দিনব্যাপী তারা বাঁশখালী উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাহারছড়া, কাথারিয়া ও খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ৩৫০টি পরিবারের হাতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন। অনেক পরিবার প্রথমবারের মতো ত্রাণ সহায়তা পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যার দুর্দিনে মিরসরাইয়ের তরুণদের এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মুখে যেমন স্বস্তির হাসি ফিরিয়েছে, তেমনি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছে।
জানা গেছে, মিরসরাই উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়। দুর্গম এলাকায় যাতে কেউ ত্রাণবঞ্চিত না থাকেন, সে লক্ষ্যেই বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করেন স্বেচ্ছাসেবী আব্দুল মতিন ও মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। এ সময় ইঞ্জিনিয়ার জামশেদ আলম তপু, জাহেদ হোসেন, রিগান বড়ুয়া, শাখাওয়াত হোসেন, মো. আব্দুল্লাহ, মো. ইয়ামিন ও আসিফ হোসেনসহ আরও অনেকে অংশ নেন।
সমন্বয়ক আব্দুল মতিন ও এম মাঈন উদ্দিন বলেন, আমরা এমন সব এলাকায় গিয়েছি, যেখানে এখনো অনেক মানুষ কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি। গলা সমান পানিতে সাঁতরে এবং নৌকায় করে ৩৫০টি পরিবারের হাতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিয়েছি। এই মানবিক উদ্যোগে যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।








