মোহাম্মদ সোহেল: বিশেষ (প্রতিনিধি): বেগম রোকেয়ার ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটাইলে ‘বেগম রোকেয়া দিবস ২০২৪’ পালিত হয়েছে। এ উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল আলম ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হান্নান সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জীবন ও কর্ম, নারী শিক্ষা, নারী অধিকার ও নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাওয়া কয়েকজন ‘অদম্য নারী’কে তাদের অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কার তাদের সমাজসেবা, পেশাগত দক্ষতা ও নারী উন্নয়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, “বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীরা আজ শিক্ষা, গবেষণা, প্রশাসন, কৃষিসহ সকল ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে। আজকের এই অদম্য নারীদের স্বীকৃতি প্রদান আমাদের সমাজে নারীশক্তির প্রতি সম্মান ও উদ্দীপনা জোগাবে।”এই অনুষ্ঠানের মাধ্যমে নারী অগ্রগতি ও ক্ষমতায়নের প্রতি ঘাটাইল উপজেলা প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।
Views: 196
Related