চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মসজিদের দানবাক্স চুরির সঙ্গে জড়িতদের বিষয়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ ও তথ্য অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে চাটখিল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ কামরুল কানন, ইয়াছিন চৌধুরী, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, স্বপন পাটোয়ারী ও মনির হোসেন সোহেলসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। সাইফুল ইসলাম রিয়াদ একজন সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর ওপর এ হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা বন্ধ করতে হবে। সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও বক্তারা জানান।









