ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে
অলি হাসান সৃজন ,স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ ফজলুর রহিম (কাজল)-এর মরদেহ নেত্রকোনার মোহনগঞ্জে পাওয়া গেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উত্তরপাড়া এলাকায় কংশ নদীর তীরে চৌধুরী বাড়ির পেছনে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফজলুর রহিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের বাসিন্দা। তিনি নওধার সৌরবিদ্যুৎ প্লান্টে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দুপুরে এক স্বজন তাঁকে ধর্মপাশামুখী একটি অটোরিকশায় দেখেছেন বলে পরিবারের সদস্যদের জানান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় তাঁর ছেলে মারুফ হাসান রনক বুধবার রাতে ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে নিখোঁজ ব্যক্তির শারীরিক বর্ণনাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়।
অন্যদিকে, শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উত্তরপাড়া এলাকায় কংশ নদীর তীরে একটি গাছ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তী সময়ে পাওয়া তথ্য ও পরিচয় যাচাইয়ের ভিত্তিতে মরদেহটি নিখোঁজ ফজলুর রহিমের বলে নিশ্চিত হওয়া গেছে।
তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং কীভাবে তিনি মোহনগঞ্জে পৌঁছালেন, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।









