মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভূঞাপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইতোমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন রাজনৈতিক দলের তিন সদস্যের বিরুদ্ধে তিনটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন, ভূঞাপুর উপজেলার সকল নাগরিক, রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকের প্রতি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইন ও আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে কোনো প্রকার অনিয়ম বা বিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনসাধারণের সার্বিক সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। বিজ্ঞপ্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত বার্তায় লেখা হয়, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি সুষ্ঠুভাবে প্রতিপালনের জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করব, ইনশাআল্লাহ।”
Views: 274
Related