মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে একরাতে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর গ্রামের ছদরমাদিঘী এলাকার মা এগ্রো খামার থেকে গরুগুলো চুরি হয়। এই ঘটনায় খামারে দায়িত্বরত দিদারুল ইসলাম সাইফুল বাদী হয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দিদারুল ইসলাম সাইফুল বলেন, ‘আমি পান দোকান করি। পাশাপাশি প্রবাসী রাসেল বিন আলী নেওয়াজের খামারের গরুগুলো পরিচর্চা ও দেখাশুনা করে থাকি। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যাই। পরে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় ফজরের নামাজ পড়তে উঠে দেখি খামারের দরজার তালা ভাঙ্গা। ভেতর থেকে ৫টি গরু চুরি হয়ে গেছে। সাথে পাশ^বর্তী আবুল হাশেম ভাইকে ডাক দিয়ে ঘুম থেকে উঠানোর পর উনার গোয়াল ঘরে থাকা ২টি গরুও নেই। চুরির ঘটনায় আমি বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
খামার মালিক রাসেল বিন আলী নেওয়াজ বলেন, ‘তিলে তিলে গড়ে তোলা গরুর খামার থেকে আমার ৫টি গরু, সাথে আমার চাচাতো ভাইয়ের ২ টিসহ ৭ টি গরু নিয়ে গেছে চোর। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘আমরা রাতে সড়কে ডিউটি করতেছি এই সুযোগে গরুগুলো চুরি হয়ে গেছে। এই ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। গরু চোর চক্রটি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’







