মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক আম গাছ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর হিলসডেল মাল্টিফার্মে এই ঘটনা ঘটে।
হিলসডেল মাল্টিফার্ম ও মধুরিমা রিসোর্টের সত্বাধিকারী অস্ট্রেলিয়া প্রবাসী মঈন উদ্দিন বলেন, গত বছর অনেক কষ্ট করে ৫ শতাধিক আম গাছ গড়ে তুলেছি। শুক্রবার রাতে আগুন দিয়ে গৌড়মতি জাতের সব গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিদেশে থাকলেও সবসময় আমার মন পড়ে থাকে বাংলাদেশে। দেশের জন্য কিছু করার চেষ্টা করি সবসময়। কিন্তু আমার স্বপ্নগুলো চোখের সামনে পুড়িয়ে দিল।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমি বিষয়টি শুনেছি। যারা এমন ঘৃণ্য কাজ করেছে তাদের ধিক্কার জানাই। অস্ট্রেলিয়া প্রবাসী মঈন উদ্দিন প্রবাসে থাকলেও তিনি এখানে পর্যটকদের জন্য পার্ক গড়ে তুলেছেন। সেখানে আমের বাগান করেছেন। যারা এই কাজ করেছে খুবই দুঃখজনক। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছতো কোন দোষ করেনি।







