ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন পুলিশ যখন রাহুল গান্ধীকে টেনেহিঁচড়ে সরিয়ে নিচ্ছিল, সে সময় বিরোধী দলনেতা এক অপ্রত্যাশিত বার্তা পান। আটকের পর পুলিশ সদস্যরা তার কানে ফিসফিস করে বলেন, ‘এই (মোদি) সরকারকে হটাও।’ খবর ইন্ডিয়া টুডের।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থায় কারচুপি সংক্রান্ত বিষয়ে কথা বলার সময় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন রাহুল। এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনের বাইরে নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েন, যা দেখে নিরাপত্তারক্ষীরাও হতবাক হয়ে যান।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের হস্তক্ষেপেও রাহুল সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে আগ্রাসী আচরণ শুরু করে দিল্লি পুলিশ। তারা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার ওপর ঝাঁপিয়ে পড়ে নেতাদের সেখান থেকে তুলে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কংগ্রেস সংসদ সদস্যের নাক থেকে রক্ত ঝরছে। পুলিশ জোরপূর্বক তাকে দু’হাত ও দু’পায়ে ধরে টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। রাহুলের দাবি, এই হট্টগোলের মধ্যেই পুলিশ সদস্যরা ব্যক্তিগতভাবে মোদি সরকারের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেছিলেন।
ব্যঙ্গাত্মক সুরে রাহুল বলেন, ‘পুলিশ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু এ সময় তারা আমার কানে কানে বলছিল, এই সরকারকে হটাও। আমি রাজস্থান থেকে এসেছি। আমি হরিয়ানা থেকে এসেছি। আমরা শুধু গায়ে ইউনিফর্ম পরে আছি।’
বিরোধী দলনেতা আরও বলেন, ‘ওদের (পুলিশের) নির্দেশ মানতে হয়, তাই ওরা তা করছে। যা ঘটছে তাতে পুলিশও খুশি নয়। তারা জানে একটি অপরাধ সংঘটিত হচ্ছে। তারা এই শিক্ষার্থীদের মধ্যে নিজেদের সন্তানদের দেখতে পাচ্ছে।’







