ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে তৃতীয় দিনের খেলা শেষে ২১৫ রানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ৮৬ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। লিড নেয় ৩০১ রানের। বাংলাদেশের হয়ে ১৭১ রানের ঝলমলে ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। এছাড়া ১০০ করেছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস খেলেন ৬০ রানের ইনিংস। মুমিনুল হক করেন ৮২ রান।
তৃতীয় দিনের তৃতীয় সেশনে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুতেই আইরিশদের ইনিংসে আঘাত হানেন নাহিদ রানা। ওপেনার ক্যাডে কারমাইকেলকে বিদায় করেন রানা। ৮ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন কারমাইকেল।
টিকে ছিলেন আরেক ওপেনার পল স্টার্লিং। কার্যকরী ব্যাটিংয়ে এগোচ্ছিলেনও দারুণভাবে। ফিফটির খুব কাছে গিয়ে থেমেছেন স্টার্লিং। ৫৯ বলে ৪৩ রান করা স্টার্লিং ফিরেছেন রান আউট হয়ে, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক থ্রোয়ে।
তিন নম্বরে নামা হ্যারি টেক্টর দেখেশুনে আগাচ্ছিলেন। তবে তাকে থামিয়ে দেন তাইজুল ইসলাম। ৪৭ বলে ১৮ রান করা টেক্টরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তাইজুল।
শেষ দিকে কার্টিস ক্যাম্ফার এবং লরকান টাকার প্রতিরোধ গড়েছেন। ১৯ বলে ৫ রান করা ক্যাম্ফারকে ফিরিয়ে দেন মুরাদ। ৮২ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। পরে ২০ বলে ৯ রান করা লরকান টাকারকেও ফিরিয়ে দেন মুরাদ। আরও চাপে পড়ে যায় আইরিশরা। ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড। এখনও ২১৫ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন হাসান মুরাদ। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন নাহিদ রানা এবং তাইজুল ইসলাম।







