কে,এম,তোফাজ্জেল হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার সাভার থেকে
:-ঢাকার সাভারে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ৫ কেজি গাঁজা, ২৫০ গ্রাম হেরোইন ও একটি ধারালো চাপাতি। এসব অভিযানের আনুমানিক মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।
সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া, ভাকুর্তা ও কোন্ডা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলেন:
- মো. ফালান (৪৫), পিতা মৃত রতন আলী, চনপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
- মো. মনির (২২), পিতা মুসা মিয়া, কোকরাবুশি, জামালগঞ্জ, সুনামগঞ্জ
- ওহিদুল ইসলাম আরিফ (২০), পিতা শুক্কুর আলী, ওহিদপুর, যশোর
- মো. হৃদয় (২১), পিতা মো. আল আমীন, হেমায়েতপুর, সাভার
তিনটি আলাদা অভিযান
১. গাঁজাসহ আটক ফালান
গতকাল বিকেলে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফালানকে তার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
২. ছিনতাইয়ের সময় তিনজন গ্রেফতার
একইদিন মধ্যরাতে সাভারের ভাকুর্তার চুনারচর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মনির, আরিফ ও হৃদয় নামের তিনজনকে একটি ধারালো চাপাতিসহ আটক করা হয়।
৩. হেরোইন উদ্ধার, এক আসামি পলাতক
এছাড়া, দুপুরে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকার হোসনে আরা বেগমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জোহারুল ইসলাম (৩১) নামের একজন মাদক কারবারি পালিয়ে যায়।
মামলা ও আদালতে প্রেরণ
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।







