কক্সবাজার প্রতিনিধি।
শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে কক্সবাজারে শিক্ষক সমাবেশ ও বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার পাবলিক হলে (শহীদ সুভাষ হল) এ সমাবেশ ও সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, এমপির। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কেন্দ্রীয় কমিটির মহাসচিব চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জাকির হোসেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. হোসাইনুল ইসলাম মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু রণজীত চক্রবর্তী এবং কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন।
সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি, শিক্ষা ও শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা এবং পেশাগত অধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পাশাপাশি বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার আগামী তিন বছরের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় গুরুত্ব পেতে পারে।
আয়োজকরা জানান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষকদের ঐক্য সুসংহত করার লক্ষ্যে এ সমাবেশ ও সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলন সফল করতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈদগাঁও উপজেলা শাখার পক্ষ থেকেও শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।








