গাজা নিয়ে উসকানিমূলক মন্তব্য করায় ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১০ জুন) বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির ঘোষিত পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে তাদের সম্পদ জব্দের ঘোষণা দেওয়া হয়েছে।
ল্যামি বলেন, এই মন্ত্রীরা ‘চরমপন্থী সহিংসতা এবং ফিলিস্তিনিদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘনে উস্কানি দিয়েছেন’।
দুই মন্ত্রীর নিষেধাজ্ঞার জবাবে ইসরায়েল জানিয়েছে, ‘নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্তের নেওয়া অস্বাভাবিক।’
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, গাজায় দুর্ভিক্ষ অনিবার্য। এর কারণে গাজায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ অবসানের জন্য অন্যান্য ইউরোপীয় দেশের মতো যুক্তরাজ্যও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে।






