ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি বলেছেন, ইসরায়েলের হামলায় সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় দুর্বল হয়ে পড়েছে খামেনি সরকার। তাই দুর্বলতার এই সুযোগ নিয়ে এখনই সরকার পরিবর্তন করা যায়।
রোববার (১৫ জুন) সংবাদমাধ্যম বিবিসি’র লরা কুয়েনসবার্গ সঞ্চালিত টক শো-তে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়নে এমন মন্তব্য করেন তিনি।
রেজা পাহলভির বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছিলেন তিনি।
বিবিসিকে ইরানের সাবেক যুবরাজের দাবি, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে খামেনি সরকার। অন্যদিকে খামেনি সরকারের বিরোধীরা আগের চেয়ে বেশি উজ্জীবিত অবস্থায় রয়েছেন।
তিনি বলেন, ‘চূড়ান্ত সমাধান হলো শাসনব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে। কারণ এই শাসনব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে। ’
সরকারের বিরোধীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিষ্ক্রিয়ভাবে বসে না থেকে স্পষ্টভাবে তাদেরকে দেখাতে হবে যে, নিষেধাজ্ঞা আরোপের বাইরেও গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ে ইরানি জনগণের প্রতি সমর্থন দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। ’






