মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত আসে, যেখানে সাময়িক লাভের মোহ কিংবা অস্থায়ী সুবিধার আশ্বাস অনেককে বিভ্রান্ত করে ফেলে। কিন্তু যে ব্যক্তি সামনের দিনগুলোর জন্য গভীরভাবে চিন্তা করতে পারে, সময়ের গতিপথ বুঝে আজকের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাকেই বলে দূরদর্শী। দূরদর্শিতা কোনো আকস্মিক গুণ নয়; এটি অন্তর্দৃষ্টি, শিক্ষা, অভিজ্ঞতা ও ধৈর্যের সমন্বয়ে গড়ে ওঠে। আজকের পৃথিবীতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, সমাজ-সংস্কৃতি, রাজনীতি—সব ক্ষেত্রেই দূরদর্শিতা এক অপরিহার্য গুণ।
একজন ব্যক্তির জীবন গড়ে ওঠে তার ছোট ছোট সিদ্ধান্তের ওপর ভিত্তি করে। স্কুলজীবনে যে ছাত্র পড়াশোনার গুরুত্ব বোঝে, নিজের লক্ষ্যের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, সে-ই ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি নবম শ্রেণিতে উঠে চিন্তা করে যে সে ডাক্তার হতে চায়, তবে তখন থেকেই জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞানে গভীর মনোযোগ দেওয়া তার জন্য জরুরি। কিন্তু যে ছাত্র কেবল পরীক্ষার আগ মুহূর্তে পড়ার কথা ভাবে, তার পক্ষে ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। দূরদর্শী মানুষদের আরেকটি বৈশিষ্ট্য হলো, তারা তাৎক্ষণিক আরাম-আয়েশের মোহে পড়ে নিজেদের লক্ষ্যচ্যুত করে না। উদাহরণ হিসেবে বলা যায়, একজন তরুণ তার আয়ের প্রথম কয়েক বছর নানা বিলাসবহুল খরচের পেছনে ব্যয় না করে যদি সঞ্চয় করে কিংবা দক্ষতা অর্জনে বিনিয়োগ করে, তবে সে ভবিষ্যতে আর্থিকভাবে নিরাপদ হয়ে ওঠে। কিন্তু যারা তাৎক্ষণিক আনন্দের জন্য অর্থ ব্যয় করে, তারা ভবিষ্যতের প্রয়োজনের সময় সংকটে পড়ে।
চাকরিজীবনে দূরদর্শিতার গুরুত্ব অপরিসীম। একজন কর্মচারী যদি কেবল নিজের দায়িত্বপালন করে কর্তব্য শেষ মনে করে, তবে সে হয়তো বছর বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু যে কর্মচারী তার দক্ষতা বাড়ানোর জন্য অতিরিক্ত কোর্স করে, নতুন প্রযুক্তি শেখে এবং নিজের কাজের মানোন্নয়নে সচেষ্ট থাকে, সে দ্রুতই উচ্চপদে উন্নীত হয়। পারিবারিক জীবনেও দূরদর্শিতা অত্যন্ত প্রয়োজনীয়। সংসারের খরচ, সন্তানের ভবিষ্যৎ শিক্ষা, পেনশন, বৃদ্ধ বয়সের নিরাপত্তা—এসব বিষয় দূরদর্শিতার সাথে পরিকল্পনা না করলে হঠাৎ করেই বিপদের মুখে পড়তে হয়। যেমন, একজন পিতা যদি সন্তান জন্মের সময় থেকেই তার পড়াশোনার জন্য সঞ্চয় শুরু করেন, তবে ভবিষ্যতে তার সন্তানের উচ্চশিক্ষার ব্যয় বহন করা সহজ হয়। কিন্তু যারা “সময় হলে দেখা যাবে” মনোভাব নিয়ে চলে, তারা সময়ের চাপে পড়ে অনেক সময় সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন না।
দূরদর্শিতা মানেই ভবিষ্যতের প্রয়োজনকে আগে থেকে উপলব্ধি করা এবং তার জন্য নিজেকে প্রস্তুত করা। বর্তমানের চাহিদা পূরণে মত্ত হয়ে গেলে মানুষ খুব সহজেই নিজের ভবিষ্যৎ সম্ভাবনাগুলোকে হারিয়ে ফেলে। সময়কে পড়তে পারা, প্রবণতাকে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা, নিজেকে বদলে নেওয়ার মানসিকতা রাখাই দূরদর্শিতার প্রকৃত পরিচয়। প্রতিটি দূরদর্শী সিদ্ধান্তই সঠিক হবে, এমন নয়। মাঝে মাঝে ভুল সিদ্ধান্তও আসবে। কিন্তু দূরদর্শী মানুষ ভুল থেকেও শিক্ষা নেয়, ভবিষ্যতে আরেকটু বেশি গভীরভাবে ভাবার প্রেরণা খুঁজে পায়। তারা জানে, ক্ষণিকের হার মানে চিরদিনের পরাজয় নয়।
একটি ছোট্ট কাহিনী বলা যায়। একটি গ্রামে দুজন কাঠুরে বাস করত। একজন প্রতিদিন সারাদিন কাঠ কাটত, আরেকজন দিনে কিছু সময় কেটে, বাকি সময়টি কুঠার ধার করার কাজে ব্যয় করত। প্রথমজন হাসাহাসি করত, “তুমি তো সারাদিন কেবল কুঠার ঘষছো।” কিন্তু সময়ের ব্যবধানে দেখা গেল, দ্বিতীয়জন অল্প পরিশ্রমে বেশি কাঠ কাটতে পারছে। কারণ তার কুঠারের ধার সবসময় তীক্ষ্ণ ছিল। এই গল্পের শিক্ষাই হলো দূরদর্শিতা।
সমাজের বুকে তাকালেও দেখা যায়, যেসব ব্যক্তি দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজ উন্নয়নে কাজ করেছেন, তারাই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান কিংবা বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—তাদের সবার সাফল্যের পেছনে ছিল অসাধারণ দূরদর্শিতা। তারা জানতেন, বর্তমানের সংকট যত কঠিনই হোক, ভবিষ্যতের সঠিক পরিকল্পনা ও ধৈর্য্যই একদিন সমাজকে বদলে দেবে। দূরদর্শী মানুষ জানে, ক্ষণিকের জয়-পরাজয় নয়, বরং দীর্ঘমেয়াদে স্থিতিশীল উন্নয়নই প্রকৃত সফলতা।
দূরদর্শিতা শুধু ব্যক্তিজীবন বা সমাজেই নয়, রাষ্ট্রীয় পর্যায়েও অপরিহার্য। একজন রাষ্ট্রনায়ককে সবসময় ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। সাময়িক জনপ্রিয়তার জন্য যদি রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা হয়, তবে তার ফল পুরো জাতিকে ভোগ করতে হয়। ঠিক তেমনি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক জানেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রগুলোয় বিনিয়োগ করলেই একদিন জাতি উন্নতির শিখরে পৌঁছাবে।
জীবনে দূরদর্শী হতে হলে চাই ধৈর্য, আত্মবিশ্বাস ও গভীর বিশ্লেষণ ক্ষমতা। ধৈর্য্য প্রয়োজন, কারণ তাৎক্ষণিক ফলাফল না এলেও অপেক্ষা করতে জানতে হয়। আত্মবিশ্বাস প্রয়োজন, কারণ চারপাশের অনেকেই আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। আর বিশ্লেষণ ক্ষমতা প্রয়োজন, কারণ ঘটনার গভীরে গিয়ে ভাবতে জানতে হবে। দূরদর্শিতা মানেই শুধু দূরদৃষ্টি নয়, বরং আজকের মুহূর্তের চাহিদাকে নিয়ন্ত্রণ করার মানসিক শক্তি। এটি এমন এক গুণ, যা মানুষের জীবনকে সুসংগঠিত করে তোলে।
পরিশেষে বলা যায়, দূরদর্শিতা শুধু সফলতার চাবিকাঠি নয়, বরং এটি ব্যক্তিত্বের এক অনন্য গুণ। যে ব্যক্তি নিজের জীবনে দূরদর্শী হতে পারে, সে শুধু নিজের জন্য নয়, সমাজ ও জাতির জন্যও মূল্যবান হয়ে ওঠে। সে বুঝে নেয়, ‘আজকের সিদ্ধান্তই আগামী দিনের ভবিষ্যৎ।’ সুতরাং, জীবনের প্রতিটি পদক্ষেপে একবার হলেও ভাবা উচিত, ‘আমি যা করছি, তার ফলাফল পাঁচ বা দশ বছর পর কোথায় দাঁড়াবে?’ এই সহজ প্রশ্নটাই একজন মানুষকে দূরদর্শী করে তোলে, আর সেই দূরদর্শিতাই একদিন তার জীবনের ইতিহাস রচনা করে।
দুপচাঁচিয়া,বগুড়া।








