জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থীতা ঘোষণায় দলীয় নেতা—কর্মীদের মধ্যে বইছে উচ্ছাস ও আনন্দের জোয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া দিনাজপুর—৩ (সদর) আসনে প্রার্থী ঘোষিত হওয়ায় নির্বাচনী উচ্ছাসে উত্তাল দিনাজপুর।
মঙ্গলবার (৪ নভেম্বর—২০২৫) দুপুরে এ উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর—এ শহীদ বড় ময়দান থেকে বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। বিপুল সংখ্যক নেতা—কর্মী অংশ নেন এ মিছিলে। মোটরসাইকেল ও পিকআপ নিয়ে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ—সভাপতি মোকারম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
দিনাজপুর সদর—৩ আসনটিতে এর আগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হক নির্বাচিত হয়েছিলেন। এবার খালেদা জিয়া প্রার্থী হওয়ায় স্থানীয় নেতা—কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরপর বিকেল ৪ টায় জেলা বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ##





