মোহাম্মদ সোহেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চার ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার, (২৫ মে) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুব হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন-আলী আসগর, বারেক, কুদ্দুস ও মিঠু। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। চারজনের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দেন প্রশাসন। অভিযানকালে ভূঞাপুর উপজেলা নৌ পুলিশের ইনচার্জ (আইসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিজের সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ণ সহযোগিতা করেন। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থেকে সহযোগিতা করেন। ইউএনও মোহাম্মদ মাহবুব হাসান বলেন, “যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নদীর পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। প্রশাসন এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতে টহল জোরদার করা হবে এবং যেকোনো অবৈধ বালু উত্তোলনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ নাগরিকদেরও এ ধরনের কার্যক্রম দেখতে পেলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।”








