যশোর প্রতিনিধি:
বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে সামী (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক মেধাবী স্কুলছাত্র। মর্মান্তিক এ ঘটনায় বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নিহত সামী বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের আজমুল হোসেনের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) সামী তার কয়েকজন বন্ধুর সঙ্গে স্থানীয় নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে বন্ধুদের সঙ্গে পানিতে খেলাধুলার সময় সামী পানিতে ঝাঁপ দিলে প্রবল স্রোতের মুখে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে পানির নিচে হারিয়ে যায়।
সামীর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর নদী থেকে সামীকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে নিথর হয়ে গেছে ছোট্ট শিশুটির শরীর। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সামীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। যে বয়সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই নদীর স্রোত কেড়ে নিল একটি সম্ভাবনাময় প্রাণ।
স্থানীয়রা সামীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শিশুদের নদী বা যেকোনো জলাশয়ে গোসল ও সাঁতার কাটার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।








