আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। এ সময় তিনি বলেন দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সরকারি খাস পুকুরগুলো প্রভাবশালীরা লিজ নিয়ে চাষ করায় হারিয়ে যাচ্ছে প্রকৃত মৎসজীবীরা। তাদের এই পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে প্রকৃত মৎসজীবীদের হাতে সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়া হবে। দেশীয় মাছ বাঁচাতে কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও মৎস্যজীবিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ে মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের অবদান তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ পালন করবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








