মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
রোববার উপজেলার ওচমানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরিদুল ইসলামের ছেলে ফারিয়াতুল ফারাবি (২৬)।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে একটি অসাধু চক্র মিয়ানমারে সার পাচার করে আসছিল। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কললিস্ট ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে সার পাচারের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও অভিযান চালায় পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘বাদশাহ নামে একজনকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।’








