মোহাম্মদ আরমান চৌধুরী
আমিরাত প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ প্রবাসী নারী সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’ বিএলসি এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) আজমানের ‘উম্মুল মুমিনীন উইমেন্স অ্যাসোসিয়েশন’ হলে দিনব্যাপী মেলা ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। আমিরাতের সাতটি প্রদেশ থেকে প্রবাসী নারীরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন, যা প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
সংগঠনের সভাপতি লাবণ্য আদিলের সভাপতিত্বে এবং তানিয়া নোভা ও তন্বী সাবরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজুন নাহার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব সিআইপি, রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, শেফালী আক্তার আখি সিআইপি, সংগঠনের প্রতিষ্ঠাতা (ফাউন্ডার) লিজা হোসাইন এবং সাধারণ সম্পাদক নাসরিন আক্তার। এছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়লা রুবাইয়াৎ, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজ।
দিনব্যাপী এই মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, হস্তশিল্প, অলংকার ও ঐতিহ্যবাহী খাবারের নানা স্টল স্থান পায়, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা প্রদান। প্রবাসের মাটিতে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান, নারী অগ্রগতি এবং সফল উদ্যোক্তা হিসেবে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচজন অনুপ্রেরণাদায়ী নারী ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, জুলি জাফর চৌধুরী, মীনা কবীর, মমতাজ আইয়ুব, নাজমুন নাহার বুবলী এবং শেখ সিদরাতুন মুনতাহা তামরিন।
অনুষ্ঠানে আয়োজক ও বক্তারা জানান, প্রবাসী নারীদের প্রতিভা, যোগ্যতা ও অর্জনকে সামনে নিয়ে আসা এবং কর্মদক্ষ নারীদের যথাযথ স্বীকৃতি দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি বক্তারা প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে আরও সচেতন হওয়ার এবং আমিরাতের স্থানীয় আইন-কানুনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
আয়োজনের শেষাংশে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।








