সাতচল্লিশে ব্রিটিশ শাসনের অবসান কিংবা একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ—আমাদের ভূখণ্ডের মানচিত্র ও পতাকা বদলেছে ঠিকই, কিন্তু রাষ্ট্র পরিচালনার পুরোনো ঔপনিবেশিক ছাঁচটি আজও অটুট রয়ে গেছে। ব্রিটিশরা এ দেশে যে আমলাতন্ত্র, পুলিশি ব্যবস্থা কিংবা দণ্ডবিধি তৈরি করেছিল, তার মূল উদ্দেশ্য ছিল জনগণকে নিয়ন্ত্রণ করা ও সম্পদ আহরণ করা, জনকল্যাণ কিংবা প্রকৃতি রক্ষা নয়।
দুঃখজনক বাস্তবতা হলো, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও আমরা সেই প্রজা-শাসক মানসিকতা এবং অপরিকল্পিত উন্নয়নের বৃত্ত থেকে বের হতে পারিনি। যে দলই ক্ষমতায় এসেছে, তারা রাষ্ট্রের এই নিয়ন্ত্রণমূলক কাঠামোটিকে ভাঙার বদলে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে ক্ষমতার হাতবদল হয়েছে বারবার, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের বা রাষ্ট্রব্যবস্থার মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান মূলত সেই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। রাজপথে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি স্পষ্ট বার্তা দিয়ে গেছে—মানুষ আর কেবল শাসকের মুখ বদল চায় না, তারা চায় ব্যবস্থার আমূল পরিবর্তন। এই গণআকাঙ্ক্ষার পথ ধরেই সামনে এসেছে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন।
সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও জনপ্রশাসনে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব ও বাসযোগ্য দেশ গড়ে তোলার দাবিও এখন সময়ের অনিবার্য অংশ। নদী-খাল দখলমুক্ত করা, বন উজাড় রোধ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব নীতি প্রণয়ন ছাড়া কোনো সংস্কারই টেকসই হতে পারে না। ‘জুলাই জাতীয় সনদ’ এবং পরবর্তী নির্বাচনী ও গণভোটের রায় রাজনৈতিক দলগুলোর ওপর সেই সামগ্রিক সংস্কার বাস্তবায়নের এক ঐতিহাসিক দায়বদ্ধতা তৈরি করেছে।
কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ জনমনে নতুন করে শঙ্কার জন্ম দিচ্ছে। সংস্কারের অঙ্গীকার মুখে থাকলেও বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এক ধরনের ধীরগতি ও পুরোনো পথে হাঁটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশগুলো পাশ কাটিয়ে পুরোনো আইন ও প্রথা আঁকড়ে ধরার চেষ্টা মোটেও শুভ লক্ষণ নয়। মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা গণতন্ত্রেরই অংশ, কিন্তু সেই মতভেদ যেন রাষ্ট্র সংস্কার এবং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার মূল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে।
আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে দলগুলোকে গতানুগতিক ক্ষমতাকেন্দ্রিক ও পরিবেশবিধ্বংসী উন্নয়নের বৃত্ত থেকে বেরিয়ে আসতেই হবে। সংস্কার এখন আর নির্বাচনী ইশতেহারের কোনো আলংকারিক শব্দ নয়; বরং এটিই হতে যাচ্ছে আগামী দিনের রাজনীতির প্রধান নিয়ামক। যে দল জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবে এবং একটি পরিবেশবান্ধব, সবুজ ও টেকসই রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করবে, তারাই কেবল ভবিষ্যতের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে। ঔপনিবেশিক আমলের জীর্ণ খোলস ছেড়ে একটি জবাবদিহিমূলক, মানবিক ও প্রকৃতিবান্ধব গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার যে বিরল সুযোগ আজ আমাদের সামনে এসেছে, কোনো সংকীর্ণ দলীয় স্বার্থে তা হাতছাড়া করা চলবে না।
ছামিউল আলম রাসু
সাংবাদিক, অধিকার কর্মী।









