(প্রেস রিলিজ)
০৯ ডিসেম্বর, ২০২২
রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস, রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এবং প্রভা অরোরা’র মধ্যে আজ ৯ ডিসেম্বর, ২০২২ এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোহাম্মদপুরের ২২/১৫ খিলজী রোডে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস-এর বার্ষিক সভা (এজিএম)-এর শেষ পর্বে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায় ১৮-৩৫ বছর বয়সী তরুণ-তরুণী এবং রোটার্যাক্টদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা এবং পাঁচটি ধাপে তাদেরকে বিভিন্ন কাজে যুক্ত করার মাধ্যমে ক্লাইমেট হিরো হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। শুধু তাই নয় জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণ-তরুণী ও রোটার্যাক্টদের নানামুখি এ কর্মযজ্ঞ সমন্বয় সাধনের জন্য অদূর ভবিষ্যতে আলাদা একটি ক্লাইমেট হিরো রোটারী সেন্টারও গড়ে তোলা হবে। এই কার্যক্রমটি রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস এবং রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এর সিগনেচার প্রকল্প হিসেবে বিবেচিত হবে। কার্যক্রমটি বাস্তবায়ন করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করবে সোশ্যাল এন্টারপ্রাইজ প্রভা আরারা।
অনুষ্ঠানে ঢাকা রাইজিং স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর শাহ আলম চৌধুরী এবং ক্লাবের প্রেসিডেন্ট এসওএস চিলড্রেন্স ভিলেজের ন্যাশনাল ডিরেক্টর ডাঃ এনামুল হক, রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ হাসান, প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান বিধান চন্দ্র পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ক্লাবের সম্মানিত সদস্য এবং প্রভা অরোরা’র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে তাঁরা বলেন, প্রভা অরোরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে। রোটারীর সাথে বিশেষ এই কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করে ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাঁচ বছর মেয়াদী এ চুক্তির আওতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এই কার্যক্রমের ফলাফল ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়। বর্তমানে উপরিউক্ত সেন্টারের সচিবালয় হিসেবে প্রভা অরোরার কার্যালয়ের ঠিকানা ২২/১৫, খিলজী রোড, মোহাম্মদপুর, ব্যবহৃত হবে বলেও আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উল্লেখ করা হয়।








