রাজধানীর সদরঘাটে বরিশাল গামী এডভেঞ্চার-১ লঞ্চে কুলিদের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত ও অপর একজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এডভেঞ্চার-১ লঞ্চের মালিক নিজাম উদ্দিন।
তিনি বলেন, ঈদের ছুটির মৌসুম চলছে। এখন অতিরিক্ত মালামাল বহনে নিষেধাজ্ঞা আছে। আর এমনিতেই সদরঘাটের কুলিরা লঞ্চের যাত্রীদের হয়রানি করে। আজ বিকেলে কয়েকজন কুলি জোর করে লঞ্চে মাল তুলে দিতে চায়। তখন লঞ্চের সুপার ভাইজার তাদের বলেছে, লঞ্চের হ্যাজের মধ্যে দিতে। কিন্তু তারা লঞ্চের নিচতলার ডেকে মালামাল রাখবে।আমরা যাত্রী রেখে মালামাল টানতে পারবো না বলায় ২৫ থেকে ৩০ জন কুলি এসে লঞ্চের কর্মীদের ওপর হামলা করে। এতে আমার লঞ্চের সুপার ভাইজার আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সদরঘাটে কোনো ইজারা নেই উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, অনেক দিন ধরে সদরঘাটের ইজারাদার নেই। ফলে কুলিরা যেভাবে পারছে যাত্রীদের ও লঞ্চ কর্মীদের হয়রানি করে টাকা আদায় করছে।
এ দিকে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে কুলিদের কথিত সরদার আলমগীর কুলির বিরুদ্ধে। অভিযোগের বিষয় জানতে তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
লঞ্চে হামলার বিষয় জানতে চাইলে নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, বিষয়টি জেনেছি। লঞ্চের কর্মী ও কুলিদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুলিদের বিরুদ্ধে অনেক অভিযোগ। প্রায়ই এমন ঘটনা ঘটে। তারপরও আমরা স্বাভাবিক রাখতে কাজ করছি।








