রাজধানীর সবচেয়ে বড় কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে খ্যাত বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক এবং কর্মচারীদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে সেই টাকা ইতোমধ্যে ভুক্তভোগীদের কাছে পৌঁছেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীও। সবার চেষ্টায় ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর।








